শিরোনাম

ঈদে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরবে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
ঈদে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরবে জবি শিক্ষার্থীরা

আসন্ন ঈদুল আজহার ছুটিতে নিরাপদ ও স্বস্তিদায়কভাবে বাড়ি ফেরার সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। রবিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি শিক্ষার্থীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। পরবর্তীতে জবি শাখা ছাত্রদল এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের পৃথক আবেদনের ভিত্তিতে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের অনুমোদনক্রমে আসন্ন ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদুল আজহার ছুটিকালীন সময়ে একান্ত প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের যাতায়াত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের মতে, ঈদের সময় অতিরিক্ত যাত্রীচাপ ও যানবাহনের সংকটের কারণে সাধারণত শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাস সার্ভিস চালু হলে শিক্ষার্থীদের যাত্রা আরও নিরাপদ, সহজ ও স্বস্তিদায়ক হবে।

/এফআর/