নজরুলের সাম্য-মানবতার বাণীতেই আমাদের মুক্তি: তাহমিনা হক

কবি নজরুল সরকারি কলেজ সংবাদদাতা
কবি নজরুল সরকারি কলেজ সংবাদদাতা
নজরুলের সাম্য-মানবতার বাণীতেই আমাদের মুক্তি: তাহমিনা হক
‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

কাজী নজরুল ইসলামের সাম্য ও মানবতার বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হক। তিনি বলেন, বেশি বেশি নজরুলচর্চার মধ্য দিয়েই সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে হবে, এতেই আমাদের মুক্তি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে কলেজের অডিটরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল আলোচকের বক্তব্যে তাহমিনা হক এসব কথা বলেন।

এদিন কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নজরুল বর্ষ উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. মাহমুদা আখতার।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, ‘ব্রিটিশ বিরোধী নির্যাতনের বিরুদ্ধে আমাদের একজন জাতীয় কবি ছিলেন। তার পথ অনুসরণ করাই আমাদের অনুপ্রেরণা।’

ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি, যারা নজরুলের শিক্ষা ধারণ করেছে। পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নজরুলের শিক্ষা ধারণ করতে পারলে একটি বিপ্লবী আদর্শ সমাজ গড়ে তুলতে পারব।’

কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, ‘সারা পৃথিবীর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে বিদ্রোহ করতে হয়, প্রতিবাদ করতে হয় এবং দেশের জন্য কাজ করতে হয়। আমাদের কবির আদর্শকে ধারণ করতে হবে।’

কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘নজরুল ছিলেন বিদ্রোহ, প্রেম ও মানবতার কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তার লেখা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা সবসময় নজরুলকে স্মরণ ও ধারণ করি।’

তিনি আরও বলেন,‘ কবি নজরুল কলেজ নজরুলের নামে হলেও কলেজে তাকে নিয়ে তেমন কার্যক্রম ছিল না। তবে নজরুল বর্ষ উপলক্ষ্যে দীর্ঘ সময় ধরে পাঠচক্রসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নজরুল চর্চা আমাদের মধ্যে বিকশিত করতে হবে। আগামীতে কবি নজরুল কলেজে নজরুলকে নিয়ে আরও বড় পরিসরে আরও ভালোভাবে আয়োজন হবে।’

/এফআর/