শিরোনাম

জাবি ছাত্রদলের মৌসুমী ফল উৎসব আয়োজন

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবি ছাত্রদলের মৌসুমী ফল উৎসব আয়োজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে

‘জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব’।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো শিক্ষার্থীদের সহাবস্থান। একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই সহাবস্থান অত্যন্ত জরুরি। আজকের ফল উৎসব সেই চর্চাকেই আরও শক্তিশালী করেছে। আমি আনন্দিত যে, জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও যারা নেতৃত্বে আসবে, তারা যেন এই ধারা অব্যাহত রাখে।

তিনি আরও বলেন, আজকের এই আয়োজনের প্রকৃত অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ উৎসবের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, জাতীয়তাবাদী ছাত্রদল শুধু নিজেদের সংগঠনের কর্মীদের নিয়েই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক আয়োজন আরও বিস্তৃত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও স্বাভাবিক শিক্ষাকার্যক্রম বজায় রাখার লক্ষ্যেই আমরা সব সময় কর্মসূচি গ্রহণ করি। তারই ধারাবাহিকতায় এবার মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন বলেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। জাতীয়তাবাদী ছাত্রদল শুধু নিজেদের সংগঠনের সদস্যদের নয়, অন্যান্য ছাত্রসংগঠনের নেতাদেরও আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং যথাযথ আতিথেয়তা দিয়েছে। সহাবস্থান ও সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠায় এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, আমরা যারা নতুন শিক্ষার্থী, তাদের জন্য এ ধরনের আয়োজন সত্যিই ভিন্ন অভিজ্ঞতা। অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। ভবিষ্যতেও তারা এমন আরও ব্যতিক্রমী উদ্যোগ নেবে বলে আশা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

/এমআর/