বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘প্রজাপতি মেলা-২০২৬’। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে গাছ কাটা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে আর কোনো অপরিকল্পিত বৃক্ষনিধন হতে দেবেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উপাচার্য মো. নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। প্রকৃতি রক্ষায় শুধু প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগ যথেষ্ট নয়, বরং প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কাটা হতে দেব না। প্রকৃতি সংরক্ষণ আমার জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ক্যাম্পাসের পরিবেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে উপাচার্য আরও বলেন, তিনি এমন একটি পরিবেশ গড়ে তুলতে চান, যেখানে প্রজাপতিদের কৃত্রিম নেটের মধ্যে বন্দী না রেখে ফুল ও গাছের আশপাশে মুক্তভাবে বিচরণ করতে দেখা যাবে।

নানা রঙ ও নকশার প্রজাপতি মেলায় দর্শনার্থীদের নজর কাড়ছে
নানা রঙ ও নকশার প্রজাপতি মেলায় দর্শনার্থীদের নজর কাড়ছে

মেলার আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতির গুরুত্ব এবং প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে মানুষকে জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি বনভূমি ও উদ্ভিদজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, মেলার মাধ্যমে প্রজাপতি সম্পর্কে জানার পাশাপাশি তাদের সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে প্রজাপতি, গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মানুষ যেন আরও সক্রিয় ভূমিকা পালন করে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের মেলায় অংশগ্রহণের মাধ্যমে ছোটবেলা থেকেই প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শিশুদের মধ্যে এখন থেকেই এ সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে তারাই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. সোহেল রানা। এ ছাড়া মেলার আহ্বায়ক মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান অধ্যাপক নাহরিন ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসেছে ১৬তম প্রজাপতি মেলা। রঙিন প্রজাপতি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসেছে ১৬তম প্রজাপতি মেলা। রঙিন প্রজাপতি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা

এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের বিশিষ্ট পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বন্য প্রাণী গবেষণায় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নাবিলা জামান জ্যোতিকেও পুরস্কৃত করা হয়। এ ছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল এইচ বাবু, দ্বিতীয় হন মাসুক আহাম্মেদ এবং প্রথম স্থান অর্জন করেন অরুণাভো ব্রুনো।

দিনব্যাপী মেলায় র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাপেট শো ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রজাপতি ও বন্য প্রাণী সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

/এমআর/