শিরোনাম

জবিতে ১৫ বছরের দুর্নীতি-অনিয়ম তদন্তে কমিটি গঠন

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
জবিতে ১৫ বছরের দুর্নীতি-অনিয়ম তদন্তে কমিটি গঠন
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত সম্ভাব্য দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জারি করা এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্তের আলোকে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৬ জুন থেকেই তদন্ত শুরু করবেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আগামী তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কার্যক্রমের জন্য প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহে বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, বিভাগ ও ইনস্টিটিউটকে সার্বিক সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তদন্ত কাজে প্রয়োজনীয় সহায়তার জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পথ উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

/এফআর/