শিরোনাম

জাবির নতুন ট্রেজারার অধ্যাপক সোহেল রানা

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবির নতুন ট্রেজারার অধ্যাপক সোহেল রানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা। রবিবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে অথবা অবসরে যাওয়ার আগ পর্যন্ত যেটি আগে ঘটবে এই পদে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে ট্রেজারারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. সোহেল রানা। এছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

/এমআর/