শিরোনাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

জবি সংবাদদাতা
জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ওয়ারীর নারিন্দায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সুভাষের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর গ্রামে। তিনি শ্যামল দেউরীর ছেলে। বর্তমানে তিনি ওয়ারী থানাধীন ১৫ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

সুভাষকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট দুর্যয় সাহা জানান, রাতে বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন সুভাষ। হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা সুভাষের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর খবর পেয়ে সকালে তাকে উদ্ধার স্বজনরা। এ সময় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। সুভাষের মাথা ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

এদিকে, সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে ছিনতাই হওয়া মোবাইল ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামের এক পুরোহিতকে কুপিয়ে জখম করার পর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। দুর্বৃত্তরা তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করেছে।

তিনি আরও জানান, চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এফআর/