শিরোনাম

জবি শিক্ষার্থীরা পাবে অর্ধেক ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা

জবি প্রতিনিধি
জবি শিক্ষার্থীরা পাবে অর্ধেক ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা
প্রতীকী ছবি

শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ এবং সাশ্রয়ী করতে বড় উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঢাকা ও ঢাকার বাইরের অ্যাম্বুলেন্স সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় বা প্রায় অর্ধেক ভাড়া নিশ্চিত করা হচ্ছে।

জানা গেছে, জবির প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য বর্তমানে মাত্র একটি অ্যাম্বুলেন্স রয়েছে। ফলে জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায়ই নানা জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে, গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের ঢাকার বাইরে নিজ বাড়িতে নেওয়া কিংবা দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার ক্ষেত্রে ভোগান্তি আরও বেড়ে যায়।

দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে দেশের একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করেছে জকসু। চুক্তি অনুযায়ী, খুব শিগগিরই জবি শিক্ষার্থীরা ঢাকা শহরের ভেতরে এবং ঢাকা থেকে দেশের যেকোনো জেলায় যাতায়াতের ক্ষেত্রে ছাড়মূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন। একইসঙ্গে দেশের যেকোনো প্রান্ত থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় আসার ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।

জকসু সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা প্রয়োজনের সময় জকসুর সমাজসেবা সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে যাচাই-বাছাই শেষে এ সেবা গ্রহণ করতে পারবেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

বিষয়টি নিয়ে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমাদের কাছে সবসময় অগ্রাধিকার। বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স সেবার সীমাবদ্ধতার কারণে অনেক সময় জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীরা দ্রুত সহায়তা পেতে সমস্যায় পড়েন। বিশেষ করে দূরবর্তী গন্তব্যে বা ঢাকার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে এই সংকট আরও প্রকট হয়। এই সেবা চালু হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।’

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘অনেক সময় অসুস্থতার কারণে শিক্ষার্থীদের ঢাকা শহরের বাইরে কিংবা নিজ নিজ গ্রামে যেতে হয়। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অ্যাম্বুলেন্স সেবা পাওয়া সম্ভব হয় না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে জকসু দীর্ঘদিন ধরে ‘সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি–এর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে আসছিল। অবশেষে প্রতিষ্ঠানটি জবি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে অ্যাম্বুলেন্স সেবা দিতে সম্মত হয়েছে।’

/এফআর/