শিরোনাম

ইডেন কলেজ ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ইডেন কলেজ ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা

‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’– এই স্লোগানকে সামনে রেখে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ও আবাসিক হলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের ধারাবাহিকতায় এবং ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ইডেন মহিলা কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন এবং বিভিন্ন স্লোগান দেন।

অভিযানে ‘তিন দিনে একবার জমা পানি পরিষ্কার’, ‘এডিস মশা নিধন করি-ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়ি’, ‘যত্রতত্র ময়লা না ফেলি-ডেঙ্গু প্রতিরোধ করি’ এবং ‘করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’– এসব স্লোগান দিতে দেখা গেছে।

কর্মসূচির প্রসঙ্গে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী তায়য়েবা তাহা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে মুখ্য ভূমিকা পালনের অংশ হিসেবে আমরা সকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার করেছি। যেখানে জলাবদ্ধতা রয়েছে, সেখানে ডেঙ্গু প্রতিরোধক ওষুধ প্রয়োগ করেছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল শুধু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে না, জনগণের সুখে-দুঃখেও পাশে থাকে। ইডেন মহিলা কলেজে ৬৪ জেলার শিক্ষার্থী পড়াশোনা করে। আমরা যদি তাদের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে পারি, তাহলে তারা নিজেদের পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তায়য়েবা তাহা বলেন, ‘আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী নিজের রুম, হল ও ক্যাম্পাসের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুক। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা শুধু কর্মসূচি পরিচালনা না করে দেশের জনগণ ও শিক্ষার্থীদের স্বার্থে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেন। ক্যাম্পাস যেন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী বাবলী আক্তার শিমা, আন্নু-মালা, সিনহা নিশাতসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/এফআর/