শিরোনাম

মেসে মিললো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
মেসে মিললো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ
উচ্ছ্বাস কর্মকার

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে উচ্ছ্বাস কর্মকার নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও সহপাঠীরা জানায়, ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে ব্যবহার করেন। উচ্ছ্বাস কর্মকার একটি কক্ষে একাই থাকতেন। তবে কক্ষটি দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ থাকায় এবং সসেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের রুমের শিক্ষার্থীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

এছাড়াও, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মেস প্রাঙ্গণে উপস্থিত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, লাশের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। এটি আত্মহত্যা কিনা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/