শিরোনাম

ফেসবুকে সরকারের সমালোচনা, ঢাবির ২ ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ফেসবুকে সরকারের সমালোচনা, ঢাবির ২ ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়া, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলো– বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক আলামিন ফারাজি এবং এ এফ রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক ফাইয়াজ মো. শারাফ ফাহিম।

তবে, বিজ্ঞপ্তিতে সরকারের সমালোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আলামিন ফারাজি ও ফাইয়াজ ফাহিমকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আলামিন ফারাজি ও ফাইয়াজ ফাহিমের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বহিষ্কৃত ফাইয়াজ ফাহিম তার ফেসবুকে সরকারের সমালোচনা করে কয়েকটি পোস্ট দিয়েছিলেন। পোস্টে বিদ্যুৎ না থাকার ব্যাপারে সরাসরি দলের সমালোচনা করেন তিনি।

অন্যদিকে, ছাত্রদল নেতা আল-আমিন ফারাজিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা কয়েকটি পোস্ট দেন। এসব ঘটনায় পর গতকাল মঙ্গলবার তাদের বহিষ্কার করা হলো।

জানাতে চাইলে আল-আমিন ফারাজি বলেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করা হয়েছে। যৌক্তিক ও ন্যায়ের জায়গা থেকে ভবিষ্যতেও তিনি সরকারের সমালোচনা করবেন বলে জানান।

তিনি দাবি করেন, তার বক্তব্যের উদ্দেশ্য সরকারের ভুল সংশোধনে সমালোচনা করা। আর সরকার যদি সমালোচকদের শত্রু হিসেবে বিবেচনা করে এবং চাটুকারদের বন্ধু মনে করে, তাহলে ওই চাটুকাররাই একসময় সরকারকে ক্ষতিগ্রস্ত করবে।

এসব বিষয়ে ঢাবি ছাত্রদলের বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি। সংগঠনের স্বার্থে খুঁজে খুঁজে গুপ্ত, সুপ্ত, অকার্যকর পদধারীদের বিতাড়িত করতে হবে। তাদের বহিষ্কারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

/এফআর/