শিরোনাম

শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দেয়াললিখন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দেয়াললিখন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন। ছবি: সিটিজেন জার্নাল

ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেয়াললিখন করেছে শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) বিকালে ক্যাম্পাসে নির্মাণাধীন টিএসসির প্রাচীরে এ কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দেয়ালে লাল ও কালো রং দিয়ে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখেন।

দেয়াললিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের নেতা মামুন সরকার বলেন, ‘গুপ্তরা বলে, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, কিন্তু বড় রাজনীতিটা তারা ঠিকই ভেতরে ভেতরে করছে। আজ আমরা দেখলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের বিপক্ষে বিভিন্ন স্লোগান ও নানা পক্ষ থেকে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তাদের গুপ্ত রাজনীতির কারণেই তাদের আজকের এই অবস্থা। আমরা চাই, সবাই ওপেনভাবে রাজনীতি করুক। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ওপেনে, গোপনে কেন? গোপনে তো রাজনীতি হয় না, প্রেম হয়। রাজনীতি আর প্রেম এক নয়।’

তিনি আরও বলেন, ‘এখানে নজরুল বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত আছি, আমরা আজ থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে যারা গুপ্ত রাজনীতি করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

/এফআর/