শিরোনাম

নবীনদের পদচারণায় মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
নবীনদের পদচারণায় মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বুকভরা স্বপ্ন, চোখজুড়ে কৌতূহল আর নতুন শিক্ষা জীবনের রোমাঞ্চ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ সেশনের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।

ভর্তি পরীক্ষার পর দীর্ঘ প্রতীক্ষা শেষে বুধবার (১৭ জুন) ক্লাস শুরুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে প্রায় দুই হাজার শিক্ষার্থী। এদিন নবীনদের প্রাণচাঞ্চল্যে দিনভর মুখর ছিল দেশের অন্যতম সবুজ এই ক্যাম্পাস।

সরেজমিনে দেখা গেছে, সকালের প্রথম আলো ফুটতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন নবীন শিক্ষার্থীরা। সবাই ব্যস্ত নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হতে। পরিচিতির সংকোচ কাটিয়ে অচেনা পরিবেশকে আপন করে নেওয়ার চেষ্টায় মেতে ওঠেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণ, নতুন কলাভবন, সমাজবিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, মুক্তমঞ্চ ও বটতলা সবখানেই দেখা যায় নবীনদের সরব উপস্থিতি। দীর্ঘদিন ধরে স্বপ্নের যে ক্যাম্পাসকে তারা ছবি আর গল্পে চিনেছেন, আজ সেই ক্যাম্পাসেই তাদের প্রথম আনুষ্ঠানিক পদচারণা।

নিজের অনুভূতি প্রকাশ করে বাংলা বিভাগের ৫৫ ব্যাচের নবীন শিক্ষার্থী রাই বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা অনেকের কাছে স্বপ্নের মতো। আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে আসছি তখন খুবই পছন্দ হয়েছে। তখন মনে হয়েছিল এখানে পড়তে পারলে খুব ভালো হতো। খুব শঙ্কায় ছিলাম চান্স পাবো কিনা। অবশেষে ভর্তির সুযোগ পেয়ে গেলাম। দীর্ঘ প্রতীক্ষা শেষে আজ ক্লাস শুরু। নতুন বন্ধু-বান্ধব পেয়েছি, পরিচিত হয়েছি– সবকিছু আমার ভাবতেই খুব ভালো লাগছে।

রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থী মো. আরিফ বলেন, ক্যাম্পাসে এসে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার পরিবেশ। এতদিন শুধু ছবি দেখেছি, আজ নিজে হেঁটে ঘুরে দেখছি। নতুন বন্ধু পেয়েছি, শিক্ষকদের সঙ্গে পরিচয় হয়েছে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

শুধু শিক্ষার্থীরাই নন, তাদের অনেক অভিভাবকও প্রথম দিনের অভিজ্ঞতার অংশ হতে এসেছিলেন। সন্তানদের নতুন পরিবেশে দেখে তাদের চোখেও ছিল গর্ব ও আনন্দের ঝিলিক।

এদিকে, বিভিন্ন বিভাগে নবীনদের স্বাগত জানাতে আয়োজন করা হয় পরিচিতি সভা। সেখানে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের নানা দিক তুলে ধরেন। ক্লাস, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ সম্পর্কে দিকনির্দেশনাও দেওয়া হয়।

নবীনদের পদচারণায় মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (1)
জাবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দিনভর ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনরা দলবেঁধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন। কেউ সেলফিতে বন্দি করছেন প্রথম দিনের স্মৃতি, কেউ আবার নতুন বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘প্রথম ক্লাস’, ‘ফার্স্ট ডে অ্যাট জাবি’ কিংবা ‘ড্রিম ক্যাম্পাস’ শিরোনামে ছবি ও অনুভূতি শেয়ার করতে দেখা যায় অনেককে। নবীন শিক্ষার্থীদের চোখেমুখে ছিল অজানা সম্ভাবনার দীপ্তি।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের জন্য পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতি বছরই নতুন শিক্ষার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণের নাম। সেই পরিচিত সৌন্দর্যের সঙ্গে আজ যোগ হয়েছে নতুন প্রাণের উচ্ছ্বাস। নবীনদের হাসি, কৌতূহল আর স্বপ্নে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পুরো ক্যাম্পাস।

/এফআর/