যারা দেশে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যারা দেশে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘যারা দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি। ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

আইজিপি দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ভূমিকা রয়েছে। তিনি ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ।

চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে ডিএমপি চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ান্দো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেএমপি, রানার আপ হয়েছে সিএমপি দল। উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি এবং রানার আপ চট্টগ্রাম রেঞ্জ। কারাতে শাখায় চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার আপ হয়েছে সিএমপি। পরে আইজিপি বিভিন্ন শাখার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/বিবি/