ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জন নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জন নিহত
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে গাছপালা উপড়ে পড়েছে

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে চরম বিপর্যয় নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। শুধু অন্ধ্রপ্রদেশই নয়, এর প্রভাবে প্রতিবেশী ওড়িশার বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন পুরোপুরি থমকে গেছে। পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্যের উপকূলীয় এলাকা থেকে ইতোমধ্যেই ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (২৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, আনাকাপল্লি, কাকিনাডা, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী জেলায় মূলত নিহতের ঘটনাগুলো ঘটেছে। কোথাও গাছ উপড়ে মাথায় পড়ে, আবার কোথাও ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনা ঘটে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাডার কাছে ইয়ানাম উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ে। ওই সময় বাতাসের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা মাঝে মাঝে দমকা হাওয়া হিসেবে ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এর স্থলভাগে প্রবেশের ভয়াবহ প্রক্রিয়া। তবে লোকালয়ে ঢোকার পর ঝড়টি ধীরে ধীরে তার শক্তি হারাতে শুরু করেছে।

ঝড়ের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশের উপকূলজুড়ে শত শত গাছপালা উপড়ে গেছে। উপড়ে পড়েছে অসংখ্য বিদ্যুতের খুঁটি। ফলে বিশাখাপত্তনমসহ বড় একটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু ফ্লাইট বাতিল করার পাশাপাশি ট্রেন চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার চিত্রও খুব একটা আলাদা নয়। রাজ্যের গোপালপুর ও পুরীসহ উপকূলীয় বিভিন্ন জেলায় টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে বইছে কনকনে ঝোড়ো হাওয়া। এ পরিস্থিতিতে উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সূত্র: আনন্দ বাজার

/এমএকে/