উত্তাল বঙ্গোপসাগর, ১৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
উত্তাল বঙ্গোপসাগর, ১৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ বেড়ে দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর প্রচণ্ড বিক্ষুব্ধ ও উত্তাল হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর) ভোর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর কারণে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ একই এলাকায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে ধাবিত হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

/জেএইচ/