শিরোনাম

নতুন ফিচার যুক্ত করলো ইনস্টাগ্রাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন ফিচার যুক্ত করলো ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামের লোগো

অন্যদের ট্যাগ করা পোস্টগুলো নিজের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শনের নতুন সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। এর ফলে কোনো বন্ধু, পরিচিত ব্যক্তি বা অন্য ব্যবহারকারী পোস্টে ট্যাগ করলে সেটি সরাসরি নিজের প্রোফাইলে দেখা যাবে।

ইনস্টাগ্রামের তথ্য অনুযায়ী, ডিরেক্ট মেসেজে ট্যাগ করা পোস্টের নোটিফিকেশন থেকেই সরাসরি প্রোফাইল গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। একইসঙ্গে ট্যাগ করা পোস্ট খুলেও সেটি প্রোফাইলে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রোফাইলের ‘ট্যাগড’ বিভাগে গিয়ে পছন্দের পোস্টও মূল গ্রিডে যুক্ত করতে পারবেন।

আবার কখনো সেই পোস্ট প্রোফাইলে রাখতে না চাইলে গ্রিড থেকে সরিয়ে দেওয়া যাবে। তবে এতে মূল পোস্টটির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নিজের গ্রিড থেকে সরিয়ে দিলেও পোস্টটি যিনি প্রথম প্রকাশ করেছেন, তার প্রোফাইলে আগের মতোই থাকবে। একই সঙ্গে পোস্টটির কোনো আলাদা কপিও তৈরি হবে না।

বন্ধু বা পরিচিতদের সঙ্গে তোলা ছবি শেয়ারের ক্ষেত্রে নতুন সুবিধাটি বিশেষভাবে কার্যকর হতে পারে। কোনো অনুষ্ঠানে একসঙ্গে ছবি তোলার পর একজন ছবি পোষ্ট করলে অন্যদের আর একই ছবি নিজেদের অ্যাকাউন্টে পুনরায় পোস্ট করতে হবে না। ছবিতে ট্যাগ থাকা ব্যক্তিরা চাইলে সেটিই নিজেদের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শন করতে পারবেন।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এই সুবিধা গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো কনটেন্ট ক্রিয়েটর অন্য কনটেন্ট ক্রিয়েটরকে ট্যাগ করে পোস্ট করলে ট্যাগ হওয়া ব্যক্তি সেটি নিজের প্রোফাইল গ্রিডেও দেখাতে পারবেন। একটি পোস্টে একাধিক নির্মাতাকে ট্যাগ করা হলে প্রত্যেকেই চাইলে একই পোস্ট নিজেদের প্রোফাইলে প্রদর্শনের সুযোগ পাবেন। ফলে কোনো প্রচারণা বা যৌথ কনটেন্ট একাধিক নির্মাতার প্রোফাইলের মাধ্যমে সহজেই দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

এদিকে, ব্যবহারকারীদের প্রোফাইল আরও নিজেদের মতো করে সাজানোর সুযোগ দিতে সম্প্রতি ‘রি-অর্ডার ইয়োর গ্রিড’ সুবিধা এনেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে প্রোফাইলের মূল গ্রিডে থাকা পোস্টগুলোর অবস্থান ইচ্ছামতো পরিবর্তন করা যায়। পাশাপাশি দ্রুত কনটেন্ট তৈরির সুবিধা দিতে প্ল্যাটফর্মটি ‘ফার্স্ট ড্রাফট’ নামের একটি টুলও চালু করেছে।