শিরোনাম

যুক্তরাষ্ট্রে মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রে মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। মূলত শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষতি করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

সান্তা ফে-র বিচারক ব্রায়ান বিডশেইড বৃহস্পতিবার (৬ আগস্ট) এই ঘোষণা দেন। তিনি জানান, অর্থ প্রদানের পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় মেটাকে তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যপ্রণালীতে বেশ কিছু জরুরি পরিবর্তন আনতে হবে। এ সংগৃহীত অর্থ কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গঠিত একটি বিশেষ তহবিলে জমা হবে।

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের দায়ের করা মামলার ভিত্তিতে এ রায় এসেছে। মামলায় অভিযোগ করা হয়, মেটা কমবয়সী ব্যবহারকারীদের আসক্ত করার উদ্দেশ্যে তাদের প্ল্যাটফর্মগুলো তৈরি করেছে এবং শিশুদের যৌন শোষণের মতো মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মাত্র পাঁচ মাস আগেই মেটাকে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। এবার আদালত সেটির চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে এ নতুন নির্দেশনা ও তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন।

নতুন এ আদেশে বলা হয়েছে আগামী পাঁচ বছর মেটাকে বেশ কিছু কঠোর নিরাপত্তা নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের মাসিক সীমা বেঁধে দেওয়া, অপ্রাপ্তবয়স্কদের কাছে বিরক্তিকর নোটিফিকেশন পাঠানো বন্ধ করা এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে তাদের যোগাযোগের ওপর কড়া নজরদারি রাখা। এছাড়া মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলোর মাধ্যমে শিশুরা যাতে কোনো ধরনের রোমান্টিক বা অনুপযুক্ত আলাপে জড়িয়ে না পড়ে, সে বিষয়েও প্রযুক্তিগত দেয়াল তোলার নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অ্যাটর্নি জেনারেল তোরেজ বলেন, মেটা শিশু সুরক্ষার চেয়ে ব্যবসাকে প্রাধান্য দিয়েছিল। তবে মেটা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। তাদের দাবি, তারা শিশুদের সুরক্ষায় সবসময় সচেতন এবং আদালতের নির্দেশিত কিছু পরিবর্তন প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ৪০টিরও বেশি রাজ্য এবং এক হাজারের বেশি স্কুল ডিস্ট্রিক্ট মেটার বিরুদ্ধে একই ধরনের আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। নিউ মেক্সিকোর এ রায় মেটার ওপর বড় ধরনের অর্থনৈতিক ও নৈতিক চাপ তৈরি করল। এটি সামনের দিনগুলোতে প্রযুক্তি বিশ্বের জন্য নতুন বার্তা বহন করছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/