শিরোনাম

আবহাওয়ার তথ্য জানতে প্রয়োজনীয় ৬ অ্যাপ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আবহাওয়ার তথ্য জানতে প্রয়োজনীয় ৬ অ্যাপ
প্রতীকী ছবি

আবহাওয়া মানুষের নিয়ন্ত্রণে না থাকলেও আধুনিক প্রযুক্তির কারণে এখন আগাম আবহাওয়ার তথ্য জানা যাচ্ছে অনেক সহজ। বর্তমানে স্মার্টফোনের কয়েকটি জনপ্রিয় অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য আবহাওয়ার তথ্য পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এমন ছয়টি কার্যকর অ্যাপ সম্পর্কে।

বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, নদী ও উপকূলীয় এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানার জন্য ‘আবহাওয়াবিদ’ একটি উপযোগী অ্যাপ। এতে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আপডেট ও সতর্কবার্তা পাওয়া যায়। গুগল প্লে স্টোর থেকে সহজেই অ্যাপটি ডাউনলোড করা যায়।

বিশ্বজুড়ে সবচেয়ে পরিচিত আবহাওয়া অ্যাপগুলোর একটি হলো ‘আকুওয়েদার’। এর মিনিটকাস্ট ফিচারের মাধ্যমে পরবর্তী দুই ঘণ্টার বৃষ্টি ও আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তনের তথ্য জানা যায়। এছাড়া ইন্টারঅ্যাকটিভ রাডার ম্যাপ, আবহাওয়াবিদদের ভিডিও বিশ্লেষণ এবং ঝড়, অতিবৃষ্টি বা তাপপ্রবাহের আগাম সতর্কবার্তার সুবিধাও রয়েছে। নিরাপদ ভ্রমণ পরিকল্পনায়ও এটি বেশ সহায়ক। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর-উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যায়।

হালনাগাদ আবহাওয়ার তথ্যের পাশাপাশি আগামী ১৫ দিনের পূর্বাভাস জানতে ‘দ্য ওয়েদার চ্যানেল’ অ্যাপটি কার্যকর। ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগে এটি তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায়। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক আবহাওয়া-সংক্রান্ত সংবাদও সরাসরি দেখা যায়। অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ।

বিস্তারিত ও তুলনামূলক নির্ভুল স্থানীয় আবহাওয়ার তথ্য জানতে চাইলে ‘ওয়েদার আন্ডারগ্রাউন্ড’ ভালো একটি বিকল্প। বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা আড়াই লাখের বেশি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে এটি পূর্বাভাস প্রদান করে। ঝড়ের গতিপথ, বায়ুর মান, তাপমাত্রার সূক্ষ্ম পরিবর্তনসহ বিভিন্ন তথ্যও এতে পাওয়া যায়। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যায়।

আকর্ষণীয় নকশা ও সহজ ব্যবহারযোগ্যতার জন্য ‘ইয়াহু ওয়েদার’ অনেকের পছন্দের তালিকায় রয়েছে। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী বাস্তবসম্মত ছবি ও অ্যানিমেশনের মাধ্যমে আবহাওয়ার তথ্য প্রদর্শন করে অ্যাপটি। এতে ১০ দিনের পূর্বাভাসের পাশাপাশি বায়ুর মান, আর্দ্রতা এবং বৃষ্টির সম্ভাবনার তথ্যও জানা যায়। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস-দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যায়।

তাৎক্ষণিকভাবে ঝড়, বৃষ্টি কিংবা আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণের জন্য ‘মাইরাডার’ একটি জনপ্রিয় অ্যাপ। অ্যাপটি চালু করলেই অ্যানিমেটেড রাডার ম্যাপ দেখা যায়, যার মাধ্যমে বৃষ্টি বা ঝড় কোন দিক থেকে আসছে এবং কখন পৌঁছাতে পারে তা সহজেই বোঝা যায়। এছাড়া বাতাসের গতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও এতে দেখা যায়। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়।

/এসবি/