শিরোনাম

সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, এক শতাব্দী পর দেখলো বিশ্ব

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, এক শতাব্দী পর দেখলো বিশ্ব
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মানুষের ভিড়

প্রায় এক শতাব্দী পর বিরল সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ব। বিশাল সূর্য ঢেকে ফেলেছে চাঁদ। স্পেনের লাখো মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখলেন এই মহাজাগতিক দৃশ্য।

বুধবার (১২ আগস্ট) স্পেনে দিন ক্ষণিকের জন্য রাতে পরিণত হয়েছিল। দেশটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়। প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ এই দৃশ্যে দেশটিকে এক ভুতুড়ে অন্ধকারে নিমজ্জিত করে। দেশটির লাখো মানুষ এটা দেখার জন্য জড়ো হয়। স্পেনের আরিজা এলাকায় ধারণ করা ছবিতে দেখা যায়, চাঁদ ধীরে ধীরে সূর্যকে ঢেকে ফেলছে। শেষ পর্যন্ত সূর্যের উজ্জ্বল চাকতিটি পুরোপুরি অদৃশ্য হয়ে শুধু বাইরের আবহমণ্ডল বা করোনা দৃশ্যমান হয়।

দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলের শহর তারাগোনার এক নারী এমন দৃশ্য দেখে বলেন, ‘এ তো অবিশ্বাস্য!’ তার পাশের জনতাও উৎসাহের সঙ্গে হাততালি দিয়ে ওঠে।

এদিকে প্রায় ৩০ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে যুক্তরাজ্যের বাসিন্দারা। বুধবার শুরু হওয়া এই সূর্যগ্রহণ যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন দেশটির অধিকাংশ এলাকায় সূর্যের প্রায় ৯০ শতাংশ ঢেকে যায়। কর্নওয়ালে সূর্যের প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যায়।

এর ছায়া গ্রিনল্যান্ডের কিছু অংশের ওপর দিয়েও পড়ে, যা দ্রুত দক্ষিণে ছুটে গিয়ে আইসল্যান্ডের একাংশকে ঢেকে ফেলে। এরপর বাঁক নিয়ে আটলান্টিক মহাসাগর পেরিয়ে উত্তর স্পেনের দিকে চলে যায়।

উত্তর রাশিয়ার প্রত্যন্ত আর্কটিক অঞ্চলেও দেখা যায় সূর্যগ্রহণ। ছায়াচ্ছন্ন চাঁদের কিনারা থেকে ঝিকমিক করে বেরিয়ে আসা সূর্যের বাইরের বর্ণিল আভা বিশাল জনতার মধ্যে বিস্ময় ও উল্লাস সৃষ্টি করে।

বুধবার দিনের শুরুতে এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পশ্চিম আইসল্যান্ডকে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত করে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মতে, স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে রাজধানী রেইকিয়াভিকের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেফ্লাভিক শহর সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যায়।

১৪৩৩ সালের পর এই প্রথমবার আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে এই বিরল ঘটনাটি দেখা যায়। এটি হাজার হাজার পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

কেন হয় সূর্যগ্রহণ?

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আটকে দেয়, তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়া তখন পৃথিবীর একটি নির্দিষ্ট অংশের ওপর পড়ে। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেললে সেটি পূর্ণ সূর্যগ্রহণ। আর চাঁদের অবস্থানের কারণে সূর্যের কিছু অংশ দৃশ্যমান থাকলে সেটি আংশিক সূর্যগ্রহণ।

পরবর্তী সূর্যগ্রহণ কবে?

বিজ্ঞানীরা ২০২৬ থেকে ২০২৮ সালকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার ‘সোনালি সময়’ হিসেবে বিবেচনা করছেন। এই তিন বছরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিনটি পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকবে।

তবে যুক্তরাজ্যের মানুষ এসব পূর্ণগ্রহণ দেখতে পারবেন না। ২০২৭ সালে দেশটির কিছু অঞ্চল থেকে সূর্যের সর্বোচ্চ প্রায় ৪৫ শতাংশ ঢাকা পড়া একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যেতে পারে। ২০৮১ সালে দেশটির কিছু এলাকায় সূর্যের প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত ঢেকে যেতে পারে। আর যুক্তরাজ্য থেকে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৯০ সালে।

সূত্র: ইউরোনিউজ, এনডিটিভি

/জেএইচ/