শিরোনাম

আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। প্রায় সাড়ে সাত দশক পর দেশটির আকাশে দেখা মিলবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার, যা নিয়ে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। কিছু অঞ্চলে টানা প্রায় ছয় মিনিট সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে, ফলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার।

সৌদি মহাকাশ সংস্থা জানিয়েছে, আভা শহর এবং আশপাশের এলাকায় পূর্ণগ্রাসের সময়কাল প্রায় ৬ মিনিট হতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কয়েকটি স্থানে এই বিরল দৃশ্য প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড স্থায়ী হবে। একই দিনে প্রতিবেশী মিশরে সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, গ্রহণের পূর্ণগ্রাস পথ লোহিত সাগর উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তায়েফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরের ওপর দিয়ে অতিক্রম করবে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময়ের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সূর্যের বাইরের স্তর পর্যবেক্ষণের জন্য গবেষকদের সামনে বিরল সুযোগ এনে দেবে। এ কারণে ওই সময়ে সৌদি আরব আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকদের অন্যতম আকর্ষণীয় পর্যবেক্ষণকেন্দ্রে পরিণত হতে পারে।

যেসব এলাকায় পূর্ণগ্রাস দেখা যাবে না, সেসব স্থান থেকেও আংশিক সূর্যগ্রহণ উপভোগ করা যাবে। অবস্থানভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। পূর্ণগ্রাসের সময় দিনের আলো গোধূলির মতো ম্লান হয়ে যাবে এবং স্থানীয়ভাবে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে।

এদিকে, সূর্যগ্রহণ নিরাপদে উপভোগ করতে প্রয়োজনীয় সতর্কতার ওপর জোর দিয়েছে সৌদি মহাকাশ সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে সূর্যের দিকে তাকানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গ্রহণ পর্যবেক্ষণের সময় আন্তর্জাতিক মানের সোলার ভিউয়িং গ্লাস অথবা বিশেষ সৌর ফিল্টারযুক্ত যন্ত্র ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

/এসবি/