শিরোনাম

মেসিকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসিকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে মাঠেই ক্যামেরার সামনে তিনি বলেছেন, ‘আই এম ব্যাক।’ তবে ম্যাচ শেষে মক্সড জোনে তাকে প্রশ্ন শুনতে হলো লিওনেল মেসিকে নিয়ে। মেসিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হন পর্তুগাল কিংবদন্তি।

আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। গ্রুপ পর্বে দুই ম্যাচেই আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিকসহ করেছেন মোট পাঁচটি গোল।

মিক্সড জোনে প্রথম প্রশ্নেই সাংবাদিকেরা তার কাছে স্প্যানিশ ভাষায় জানতে চান, বিশ্বকাপে পরবর্তী ধাপগুলোর কোনো একটিতে মেসির মুখোমুখি হতে চান কি না, যেটা বিশ্বকাপে দুজনের সম্ভাব্য বিদায়ী ম্যাচও হতে পারে?

রোনালদো মুখে বিরক্তি প্রকাশ না করলেও উত্তরে বলেন, ‘কী উত্তর দেবো বুঝতে পারছি না, কারণ প্রশ্নটাই অর্থহীন। এমনটা হলে তো দারুণ হতো। তবে সবচেয়ে বড় বিষয় ছিল গ্রুপ পর্ব পার হতে ম্যাচটা জেতা এবং সামনের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করা। আমরা জানি, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। আমি ভালো খেলেছি, গোল পেয়েছি এবং দলকে সাহায্য করতে পেরেছি। পুরো দলই দারুণ খেলেছে।’

এরপর পর্তুগালকে নিয়ে প্রশ্নে এগিয়ে চলে। সিআরসেভেনও উত্তর দেন। তবে শেষ প্রশ্নে আবারও মেসিকে টেনে আনেন আরেক সাংবাদিক, ‘গতকাল (রাতে) মেসি দুই গোল করেন, এমবাপ্পেও...’ এরপর আর প্রশ্ন আর শেষ করতে পারেননি তিনি। চটে যাওয়া রোনালদো প্রশ্নটি শেষ করতে না দিয়ে পাশ ফিরে অন্য এক সাংবাদিককে প্রশ্ন করার ইশারা করেন। তখন পর্তুগিজ ভাষায় সেই সাংবাদিককে বলেন, ‘দালে, দালে, দালে (বলুন, বলুন, আপনিই বলুন)।’

সেই সাংবাদিক জানতে চান, রোনালদো কি আরও একটি প্রশ্নের উত্তর দিতে চান? পর্তুগিজ কিংবদন্তির উত্তর, ‘প্রশ্নের ওপর নির্ভর করছে, ভালো না হলে উত্তর দেবো না।’

/টিই/