যুক্তরাষ্ট্রের হয়ে কম বয়সে গোলের রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রের হয়ে কম বয়সে গোলের রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের
কাভান সুলিভান

কিছু মুহূর্ত আসে, যা একজন ফুটবলারের পুরো জীবন বদলে দিতে পারে। কাভান সুলিভানের জন্য শনিবার রাতটি ছিল তেমনই। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে গোলের রেকর্ড গড়েছেন।

প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে। সুলিভান গোল করেন ১৭ বছর ৫ দিন বয়সে। গত মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন আলবার্ট। সেই রেকর্ডই ভাঙলেন সুলিভান।

সুলিভান গোল করেন ম্যাচের ৬২ মিনিটে। মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেলের ভুল পাসে বল পেয়ে চিপে বল জালে পাঠান। ম্যাচে গোলদাতা তিনজন হলেও রেকর্ড গড়ে সব আলো কেড়ে নেন সুলিভান।

মেক্সিকোকে হারিয়ে কোচ বলেন, ‘সুলিভান একজন যোদ্ধা। এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। বল পায়ে ও অসাধারণ। বল দখলে রাখার ওর যে অসাধারণ দক্ষতা, তা অবিশ্বাস্য।’

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে সুলিভান বলেন, ‘আপনি যখন তিন, চার, পাঁচ বা ছয় বছর বয়স থেকে এমন মুহূর্তের স্বপ্ন দেখেন, তখন এটি সত্যিই অবিশ্বাস্য। আমি শুধু গত কয়েক ঘণ্টা নয়, সারা জীবন এই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’

১৭তম জন্মদিনের মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয় সুলিভানের, যা গত ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড। ক্লাব ফুটবলেও এর আগে ইতিহাস গড়েন এ তরুণ।

মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এমএলএসে অভিষেক হয় কাভান। তাতে হয়ে যান লিগটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

এ মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সুলিভান।

সুলিভান তার নানী সুলতানা আলমের সূত্রে বাংলাদেশি বংশোদ্ভূত। কাভানের দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান বাংলাদেশের হয়ে সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে খেলেছেন।

/টিই/