শিরোনাম

আর্জেন্টিনা ম্যাচের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ম্যাচের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড
অনুশীলনে সুইজারল্যান্ড দল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় এক সুসংবাদ পেয়েছে সুইজারল্যান্ড দল। ইনজুরির কারণে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে শেষ চারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইসরা। আর এই হাইভোল্টেজ ম্যাচের আগে সুইস ডাগআউটে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানজাম্বির ফিটনেস।

যদিও এখনই তার খেলার ব্যাপারে শতভাগ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে দলের কোচিং স্টাফ আশাবাদী যে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার মতো অবস্থায় পৌঁছাতে পারেন এ তারকা। অবশ্য সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে রাজি নন। তিনি জানিয়েছেন, চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে যদি যৌক্তিক মনে হয়, তবেই মানজাম্বিকে একাদশে রাখা হবে। সাম্প্রতিক অনুশীলনে তাকে হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সতীর্থদের চেয়ে কিছুটা আলাদা হয়ে অনুশীলন করতে দেখা গেছে। হাঁটার সময় চোটের কিছুটা প্রভাব স্পষ্ট হলেও মাঠে ফেরার এই প্রক্রিয়া সুইস শিবিরে নতুন আশার আলো দেখাচ্ছে। অন্যদিকে, প্রতিপক্ষ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মিশরের বিপক্ষে জয় পাওয়া দলের মূল কাঠামো ধরে রেখেই কোয়ার্টার ফাইনালের কৌশল সাজাচ্ছেন।

জার্মান ক্লাব ফ্রাইবুর্গের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো মানজাম্বি বর্তমানে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। আগামী মৌসুমে ইংলিশ ক্লাব নিউক্যাসলে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তার। কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের ঠিক আগের অনুশীলনে হাঁটুতে চোট পান তিনি। চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের আক্রমণভাগে সবচেয়ে বড় চালিকাশক্তিও তিনি। এখন পর্যন্ত বসনিয়ার বিপক্ষে জোড়া গোল এবং কানাডার বিপক্ষে এক গোলসহ মোট ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। শুরুতে কাতার ও বসনিয়ার বিপক্ষে বদলি হিসেবে খেললেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ থেকে দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেন এ ফরোয়ার্ড। যদি শেষ পর্যন্ত তিনি আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে না পারেন, তবে তার জায়গায় জিব্রিল সোকে দেখা যেতে পারে। কারণ কলম্বিয়ার বিপক্ষে মানজাম্বির অনুপস্থিতিতে সুযোগ পাওয়া আর্দন ইয়াশারি প্রত্যাশা পূরণ করতে না পারায় বিরতির আগেই তাকে তুলে নেওয়া হয়েছিল। ফলে কোয়ার্টার ফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানজাম্বির ফেরার ওপরই অনেকখানি নির্ভর করছে সুইসদের ভাগ্য।

/এমএকে/