শিরোনাম

ইয়ামাল-নিকো ছাড়া স্পেন অচেনা: সৌদি কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামাল-নিকো ছাড়া স্পেন অচেনা: সৌদি কোচ
সৌদি আরবের কোচ জর্জিওস দনিস। ছবি: ইয়াহু স্পোর্টস

রবিবার (২১ জুন) রাত ১০টায় স্পেনের বিপক্ষে অলৌকিক কিছুর খোঁজে মাঠে নামছে সৌদি আরব। হাইভোল্টেজ ম্যাচের আগে স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে বিশ্বসেরা ফুটবল প্রতিভা আখ্যা দিয়েছেন সৌদি কোচ জর্জিওস দনিস। উরুগুয়ের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পাওয়া সৌদি আরবের মূললক্ষ্য পরবর্তী রাউন্ডের পথ সুগম করা।

স্পেনের শক্তির গভীরতা ভালো করেই জানা আছে সৌদির কোচ দনিসের। বিশেষ করে স্প্যানিশ আক্রমণভাগের দুই স্তম্ভ লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে নিয়ে বেশ সতর্ক তিনি। দনিসের মতে, ইয়ামাল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা এবং বার্সেলোনায় লিওনেল মেসির যোগ্য বিকল্প। একই সঙ্গে তিনি মনে করেন, এ দুই তারকা শুরুর একাদশে না থাকলে স্পেনের আক্রমণভাগ তাদের চেনা ধার হারিয়ে ফেলে। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ড্র ম্যাচটিই তার প্রমাণ। সেই ম্যাচে ইয়ামাল ও নিকো শেষভাগে বদলি হিসেবে নামলেও প্রতিপক্ষের রক্ষণভাগে তেমন কোনো ভীতি ছড়াতে পারেননি।

স্পেনকে রুখে দেওয়ার ছক কষতে গিয়ে নিজেদের রক্ষণভাগের ঘাটতিগুলো দ্রুত কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছেন সৌদি কোচ। উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে রক্ষণ ধরে রাখতে না পারার খামতিগুলো এবার শুধরে নিতে চান তিনি। বিশ্বসেরা একটি দলের নিখুঁত বল কন্ট্রোলকে নিষ্ক্রিয় করতে আগের ম্যাচের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে খেলার পরিকল্পনা সাজাচ্ছেন দনিস। ফেবারিটদের বিপক্ষে জয়ের জন্য তারা কেবল নিখুঁত রক্ষণাত্মক ফুটবল খেলা পাশাপাশি ভাগ্যের সহায়তাও আশা করছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর সেই রূপকথার মতো ফুটবল মাঠে আরও একবার ফিরিয়ে এনে আরেকটি অলৌকিক ঘটনার জন্ম দিতে মুখিয়ে আছে সৌদি আরব। গ্রুপে সব দল সমান অবস্থানে থাকায় একটি ড্র-ও তাদের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখবে।

/এমএকে/