শিরোনাম

ডাকাতের গুলিতে ফুটবলার নিহত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
ডাকাতের গুলিতে ফুটবলার নিহত
ডমিনিক ফ্রিমপং। ছবি: সংগৃহীত

ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং সশস্ত্র ডাকাত দলের গুলিতে নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে দলটির বাসে হামলার ঘটনা ঘটে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এ তথ্য নিশ্চিত করেছে।

জিএফএ জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর সামরেবোইয়েতে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফিরছিল বেরেকুম চেলসি। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে ডাকাত দলের কবলে পড়ে তাদের খেলোয়াড়দের বহনকারী বাস। সেখানেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ফ্রিমপং।

এক বিবৃতিতে জিএফএ বলেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই বিয়োগান্ত ঘটনা শুধু বেরেকুম চেলসির জন্য নয়, বরং পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি।’

জিএফএ জানিয়েছে, ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ খেলতে যাতায়াতের সময় ক্লাবগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।

২০২৩ সালেও প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে লেগন সিটিসের বাসে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা, তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

/টিই/