শিরোনাম

আজকের রাতটি ‘স্মরণীয়’ করতে চান আর্সেনাল ফরোয়ার্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আজকের রাতটি ‘স্মরণীয়’ করতে চান আর্সেনাল ফরোয়ার্ড
ভিক্টর ইয়োকেরেস। ছবি: সংগৃহীত

ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ কাজে লাগাতে দলের সবাইকে আহ্বান জানিয়েছেন ভিক্টর ইয়োকেরেস। সেটি করতে পেরোতে হবে আরও দুটি ধাপ। যার প্রথমটি মঙ্গলবার (৫ মে) রাতে। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের চ্যালেঞ্জ উতরাতে হবে আর্সেনালকে। স্প্যানিশ ক্লাবটিকে হারিয়ে রাতটি স্মরণীয় করে রাখতে চান দলটির এই সুইডিশ ফরোয়ার্ড।

২০ বছর পর ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে খেলতে এক ধাপ দূরে দাঁড়িয়ে আর্সেনাল। আতলেতিকো-আর্সেনাল ম্যাচটি শবাংলাদেশ সময় রাত ১টায়।

আতলেতিকোর মাঠে প্রথম লেগ ১-১ সমতায় শেষ হয়। ইয়োকেরেশ আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন হুলিয়ান আলভারেজ। দুটি গোলই হয় পেনাল্টি থেকে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়োকেরেস বলেন, ঘরের মাঠে দর্শকদের সঙ্গে নিয়ে ফাইনালে ওঠার আনন্দে ভাসতে চান তারা। ‘ড্রেসিং রুমের আবহ খুবই ভালো। আমরা সামনের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। মৌসুম জুড়ে আমরা খুব ভালো খেলেছি, তবে এখন শিরোপা জিততে হলে পরের ম্যাচগুলোতে আমাদের সেরাটা দিতে হবে। এখন আমাদের বাকি কাজ সম্পন্ন করতে হবে।’

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রাতটি স্মরণীয় করে রাখতে চান ইয়োকেরেস। ‘ঘরের মাঠে এমন একটি ম্যাচ খেলতে পারা সত্যিই দারুণ ব্যাপার। সামনের ঝুঁকি সম্পর্কে আমরা জানি। কাজটা মাঠেই করতে হবে এবং দর্শকদের অভাবনীয় সমর্থনে এটি একটি স্মরণীয় রাত হয়ে উঠতে পারে।’

আতলেতিকোকে হারাতে পারলে ফাইনালে আর্সেনালকে খেলতে হবে শিরোপাধারী পিএসজি বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

/টিই/