পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ‘ফাইনাল’ মানছেন ডুলি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ‘ফাইনাল’ মানছেন ডুলি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি (মাঝে)

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে অনুশীলন থাকলেও ম্যাচ ফ্লাড লাইটে হবে বলে সেটি বাতিল করে বাংলাদেশ দল। ম্যাচের আবহে অনুশীলন করতে লাইটের আলোয় অনুশীলন করেছে বাংলাদেশ দল।

ম্যাচের আগের দিন শুক্রবার বাংলাদেশ দলের হেড কোচ টমাস ডুলি মিডিয়ার সামনে এসেছিলেন। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালকেই তিনি ফাইনাল হিসেবে দেখছেন।

ডুলি বলেন, ‘এই ম্যাচটি সত্যিকার অর্থেই ফাইনাল, কারণ আমি মনে করি পাকিস্তান অন্যতম সেরা দল। বাকি দলগুলোর মধ্যে এখানে সেরা দল। তাই ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতেই হবে, আর ফাইনাল জিততে এবং সাফ টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই সবাইকে হারাতে হবে। এটাই লক্ষ্য।’

পাকিস্তান দলে নতুন পাঁচজন ফুটবলার যুক্ত হয়েছেন। এনিয়ে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন হবে। ওরা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে ওরা দারুণ ফল পেয়েছিল এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। দেশের বাইরে থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের অবশ্যই অসাধারণ ফুটবল-জ্ঞান রয়েছে, কারণ ওরা ইউরোপের উচ্চতর স্তরে খেলে। তাই ওদের সামলানোটা খুব কঠিন হবে।’

পাকিস্তান গ্রুপ পর্বের দুই ম্যাচে পাঁচ গোল করেছে। এর মধ্যে একজনই করেছেন তিন গোল। এ নিয়ে চিন্তিত না হয়ে নিজ দলের ওপর ভরসা রাখতে চান ডুলি, ‘আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে এটাও মনে রাখতে হবে, আমাদের রক্ষণভাগও বেশ শক্তিশালী। আমাদের বিপক্ষেও কেউ গোল করতে পারেনি। আমাদের রক্ষণভাগের ওপর আমার আস্থা আছে। রক্ষণে ওরা খুব শক্তিশালী, ওয়ান-অ্যাগেইনস্ট-ওয়ানে খুব ভালো।’

পাকিস্তান ৮ নভেম্বর গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। তারা পাঁচ দিন বিশ্রাম পেয়েছে সেমিফাইনালের আগে। বাংলাদশেকে ৭২ ঘণ্টার মধ্যে আবার খেলতে হচ্ছে।

ডুলি বলেন, ‘বেশি বিশ্রাম পেলে তা কিছুটা সাহায্য করে। কিন্তু আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে আপনাকে যে প্রতিটি ম্যাচ খেলতে হয়, তার সব কটিই ফাইনাল।

তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথের ফিটনেস নিয়ে কোচ বলেন, ‘ওরা সবাই এসে বলছে, আমি খেলতে চাই, আমি খেলতে চাই, আমি খেলতে চাই। দলে এমন কেউ নেই (যে খেলতে চায় না), তবে আপনাদের এটাও বুঝতে হবে- উদাহরণস্বরূপ তপুর কথাই ধরুন। সর্বশেষ কবে ম্যাচ খেলেছে? ইতালির সান মারিনোতে। ও কয় দিন অনুশীলন করেছে? এখানে ওর দোষ নেই। ও প্রস্তুত আছে এবং এটা খুব ভালো লক্ষণ। বাকিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারালে বাংলাদেশ ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে। ডুলির আশা সেমিফাইনালে বাংলাদেশের খেলার সময় স্টেডিয়ামের একটি আসনও ফাঁকা থাকবে না।

/টিই/