শিরোনাম

এবারের বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবারের বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের
প্যরাগুয়ের হয়ে দ্রুততম গোলটি করেন ম্যাথিয়াস গালারজা (২৩ নম্বর জার্সি)

চলতি বিশ্বকাপে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দ্রুততম গোলের রেকর্ড নিজেদের করে নিয়েছে প্যারাগুয়ে। তুরস্কের বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে এ কীর্তি গড়েন প্যারাগুইয়ান মিডফিল্ডার ম্যাথিয়াস গালারজা। এর মাধ্যমে তিনি ভেঙেছেন মরক্কোর ইসমাইল সাইবারির গড়া রেকর্ডটি।

এর আগে ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল মরক্কো। সেই ম্যাচে স্কটিশদের বিপক্ষে খেলার ৭০ সেকেন্ডে গোল করে চলতি আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন মরক্কোর ইসমাইল সাইবারি। কিন্তু সেই রেকর্ডের স্থায়িত্ব ছিল মাত্র ৫ ঘণ্টা।

তুরস্কের বিপক্ষে মাঠে নেমেই সাইবারিকে টপকে যান গালারজা। ম্যাচের একদম শুরুতে বল তুরস্কের ডিফেন্ডারদের নিয়ন্ত্রণে থাকলেও, তাদের একটি মারাত্মক ভুলে ডি-বক্সের কিছুটা বাইরে বল পেয়ে যান গালারজা। সুযোগ হাতছাড়া না করে বাম পায়ের এক দুর্দান্ত দূরপাল্লার শটে বল জালে জড়ান তিনি। তুরস্কের গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়েও সেই গতির শট রুখতে পারেননি। ফলে ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তুর্কিরা।

পরবর্তী রাউন্ডে যাওয়ার সমীকরণ মেলাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তুরস্কের সামনে। তবে একটি জায়গায় তুরস্ক এখনো সেরা। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের দ্রুততম গোলের রেকর্ডটি এখনো তাদেরই দখলে। ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করে এ অনন্য কীর্তি গড়েছিলেন তুরস্কের কিংবদন্তি স্ট্রাইকার হাকান সুকুর।

/এমএকে/