শিরোনাম

৫ দশকের রেকর্ড ভাঙল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
৫ দশকের রেকর্ড  ভাঙল বায়ার্ন
ছবি: সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে বিশাল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে ভেঙে গেল ৫৪ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড।

শনিবার (১১ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে লিগ ম্যাচটিতে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা বায়ার্ন নবম মিনিটে জামাল মুসিয়ালার দারুণ এক গোলে লিড নেয়। এই গোলের মাধ্যমেই তারা ভাগ বসায় ১৯৭১-৭২ মৌসুমের ১০১ গোলের রেকর্ডে।

ম্যাচের ৫৩ মিনিটে লিওন গোরেৎস্কা লক্ষ্যভেদ করলে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। বায়ার্ন পৌঁছে যায় ১০২ গোলের চূড়ায়। রেকর্ড ভাঙার সেই আনন্দ উদযাপনে মেতে ওঠেন পুরো দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এমনকি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকেও সাইডবেঞ্চে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

রেকর্ড ভাঙা গোলের কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ান মাইকেল অলিস। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা অলিস গোল করার পাশাপাশি করিয়েছেনও অনেক, যা তাকে টমাস মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ১৮টি অ্যাসিস্টের রেকর্ডের খুব কাছে নিয়ে গেছে।

ম্যাচের বাকি গোল দুটি আসে নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেরেইরোর পা থেকে। এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বাভারিয়ানরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড বর্তমানে ১২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের কথা বিবেচনা করে দলের প্রধান স্ট্রাইকার হ্যারি কেইনকে এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল। মৌসুমে ৩১ গোল করা কেইন রবার্ট লেভানডভস্কির ৪১ গোলের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় থাকলেও, তার অনুপস্থিতি বায়ার্নের গোল উৎসবে কোনো বাধা হতে পারেনি।

/এসবি/