শিরোনাম

দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো
গোল করে মরক্কোকে জয় এনে দেন ইসমায়েল সাইবারি (বামে)

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ড্র করেছিল মরক্কো। আর স্কটল্যান্ড পেয়েছিল জয়। তাই স্কটিশদের বিপক্ষে জয় পেতে মরিয়া ছিল মরক্কো। আফ্রিকার দলটি ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। তাতে ব্রাজিলের উপর চাপ আরও বাড়লো।

মরক্কোর এই জয়ে হাইতির বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল থাকলো পয়েন্ট টেবিলের তিনে। চার পয়েন্ট নিয়ে মরক্কো এক আর স্কটল্যান্ড তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে।

স্কটিশদের বিপক্ষে খেলা শুরু হওয়ার মাত্র ৭১ সেকেন্ডেই গোল করে মরক্কো। যা এই বিশ্বকাপের দ্রুততম গোল। ইসমায়েল সাইবারি দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন। ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও গোল করেছিলেন সাইবারি। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট অপ্টা জানিয়েছে, মরক্কো প্রথম বল পায় রেফারির শুরুর বাঁশি বাজানোর ১৪ সেকেন্ড পর। এরপর সবমিলিয়ে আর ৫৬ সেকেন্ড লেগেছে গোলের খাতা খুলতে।

আফ্রিকার দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করলেন ইসমায়েল সাইবারি। প্রথমবার ওই কীর্তি গড়েছিলেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে নেমে তিনি প্রথম দুই ম্যাচেই গোল করেন।

পিছিয়ে পড়ার পর থেকেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্কটল্যান্ড। তবে প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্কটিশরা। বিরতির পর স্কটল্যান্ড আগের চেয়ে বেশি আক্রমণ করে তবে মরক্কোর ডিফেন্স ভিল সতর্ক।

শেষ ১৫ মিনিটে স্কটল্যান্ড চেপে ধরেছিল মরক্কোকে। দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

/টিই/