শিরোনাম

প্রথমার্ধেই কুরাসাওয়ের ইতিহাস, এগিয়ে জার্মানি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধেই কুরাসাওয়ের ইতিহাস, এগিয়ে জার্মানি
বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোলটি করেছেন লিভানো কোমেনেনসিয়া

ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় যোগ করেছে কুরাসাও। বিশ্বকাপের ইতিহাসে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশটি ‘ই’ গ্রুপে মুখোমুখি হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে জার্মানি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করেই যেনো আরেক ইতিহাস গড়েছে ক্যারবিয়ান অঞ্চলের দেশ কুরাসাও।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় জার্মানি। গোল করেছেন জার্মান মিডফিল্ডার এনমেচা। তবে ২১ মিনিটেই গোল শোধ করে কুরাসাও! বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

বিশ্বকাপে প্রথম গোল কুরাসাওয়ের! তাতে হিউস্টন স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে ‘নীল ঢেউ’ এর গর্জন ওঠে। মুহূর্তটা কখনো ভুলবে না ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও।

৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। ২–১ গোলে এগিয়ে জার্মানি। ম্যাচের যোগকরা সময়ে পেনাল্টি পায় নাগেলসমানের দল। স্পটকিক থেকে প্রথমার্ধেই স্কোর ৩-১ করেন কাই হাভার্টজ।

জার্মানি এগিয়ে থেকে বিরতিতে গেলেও কুরাসাওয়ের ওই এক গোলই তাদের সমর্থকদের জন্য আনন্দের কারণ হিসেবে যথেষ্ট।

এদিন রেকর্ড গড়েছেন কুরাসাওয়ের কোচও। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে লেখা হয়ে যায় আটফোকাটের নাম। এদিন তার বয়স ৭৮ বছর ২৬০ দিন।

/টিই/