শিরোনাম

কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের
পিটার বাটলার। ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে উজবেকিস্তানের বিপক্ষে। ম্যাচের পর সোমবার (৯ মার্চ) পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার আসতে কিছুটা দেরি করেছেন। আসার পর ফেডারেশনের নানা সীমাবদ্ধতা ও সংকট সামনে তুলে বাংলাদেশের দায়িত্বে থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কথা বলেছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুরুতেই বাটলার নিজ থেকে বলেন, ‘মেয়েদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের জন্য গর্বিত। এখন আমি ফিরে যাবো এবং ভবিষ্যতে আমি কী করতে চাই, তা নিয়ে কিছুটা ভাববো। আমি ইংল্যান্ড ফিরে যাবো এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেবো।’

বাংলাদেশ প্রথমবারের মতো এবার এশিয়ান কাপে খেলেছে। আবার এশিয়ান কাপে খেলতে হলে কী করা উচিত এমন প্রশ্নে কোচ নিজের ইংল্যান্ড ফেরার কথা বলেছেন, ‘আমি এখানে থাকছি না। আমি আগামী সপ্তাহে ইংল্যান্ড ফিরে যাচ্ছি এবং সেখানে নিজের ভবিষ্যত নিয়ে ভাববো। আমি কী করতে চাই, সেটা অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছে।’

২০২৫ সালের জানুয়ারিতে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফে দুই বছরের চুক্তি করেছে। এই বছর এশিয়ান গেমস, সাফ ফুটবলসহ আরও গুরুত্বপূর্ণ অনেক টুর্নামেন্ট রয়েছে। অথচ কোচ নিজের ভবিষ্যত নিয়ে ভাববেন কেন বলছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ড ফিরে যাচ্ছি। আমি সেখানে আমার স্ত্রীর সাথে কথা বলবো এবং আমার কুকুরকে নিয়ে হাটতে বের হবো। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববো। কারণ যেভাবে প্রত্যাশা ছিল, সেভাবে সাহায্য বা সাপোর্ট না পেলে আমি দায়িত্ব চালিয়ে নিতে পারছি না। বাস্তবতা হলো আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল।’

এপ্রিলে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট। সেখানে বাটলারই হেড কোচ। এমন সময়ের আগে বাংলাদেশের দায়িত্ব ছাড়া নিয়ে ভাবনা খানিকটা বিস্ময়কর।

বাংলাদেশের ফুটবলের সংকট নিয়ে কোচ বাটলার বলেন, ‘সবার আগে আমাদের বিনিয়োগ করতে হবে। ভিডিও ইকুইপমেন্ট এবং ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। আমাদের নিজেদের পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে।’

/টিই/