শিরোনাম

৮৮ বছর পর নকআউট পর্বে জিতলো সুইজারল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৮৮ বছর পর নকআউট পর্বে জিতলো সুইজারল্যান্ড
আলজেরিয়ার বিপক্ষে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড

বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ ৮৮ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়ে অবশেষে জয়ের ঐতিহাসিক স্বাদ পেল সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফ্রিকান পরাশক্তি আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে সুইসরা। ১৯৩৮ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তাদের প্রথম জয়।

ম্যাচের শুরুতে আলজেরিয়া বেশ আক্রমণাত্মক মেজাজে খেললেও সুইজারল্যান্ডের সুশৃঙ্খল রক্ষণভাগের কাছে তা ভেস্তে যায়। বিশেষ করে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজকে কড়া পাহারায় রেখে তাদের সব আক্রমণ রুখে দেয় সুইস ডিফেন্স। উল্টো ম্যাচের ১০ম মিনিটেই আলজেরিয়ার রক্ষণভাগের মারাত্মক ভুলে সুযোগ পেয়ে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন ব্রিল এমবোলো। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই চমক দেখায় সুইসরা। ৪৬তম মিনিটে নটিংহ্যাম ফরেস্টের তারকা ড্যান এনদোয়ের চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করে কোচ মুরাত ইয়াকিনের শিষ্যরা।

দুই গোল হজম করার পর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করেও সুইজারল্যান্ডের জমাট ডিফেন্স ভাঙতে পারেনি আলজেরিয়া। ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বদলি খেলোয়াড় ফাবিয়ান রিডার, কিন্তু গোললাইনের খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে তিনি বল জালে জড়াতে ব্যর্থ হন। এ একটি আক্ষেপ ছাড়া পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে জয় উদযাপনে মাতে সুইজারল্যান্ড। ৮৮ বছরের খরা কাটানো আত্মবিশ্বাসী সুইস দলটি আগামী মঙ্গলবার (৭ জুলাই) ভ্যাঙ্কুভারেই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কলম্বিয়া অথবা ঘানার।

/এমএকে/