শিরোনাম

লিভারপুলের মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লিভারপুলের মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা, বিশ্বের শীর্ষ ধনীদের একজন জেফ বেজোস এবার ফুটবল ক্লাবে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন। লিভারপুলের একটি অংশের মালিকানা কিনে নিচ্ছেন তিনি। ইংলিশ গণমাধ্যমে খরব চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে সঙ্গে নিয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের সঙ্গে লিভারপুলের প্রায় ৩০ শতাংশ শেয়ার কেনার আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। ব্রিটিশ-ভারতীয় মিলিয়নিয়ার ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বে গঠিত এই গোষ্ঠীতে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিনও।

বেজোসের সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়। স্যাভেরিনের সম্পদ ৩২ বিলিয়ন ডলারের বেশি। আর অমিত ভাটিয়া ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা।

প্রস্তাবিত বিনিয়োগে লিভারপুলের মূল্য দাঁড়াবে প্রায় ৬ বিলিয়ন ডলার। কোনো ফুটবল ক্লাবকে ঘিরে এটিকে অন্যতম বড় লেনদেন হিসেবে দেখা হচ্ছে।

এফএসজি ২০১০ সালে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ডে লিভারপুল কিনেছিল। সে সময় আর্থিক সংকটে থাকা ক্লাবটি এরপর ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে, পেয়েছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপাও।

গত মাসেই এফএসজি জানিয়েছিল, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম লিভারপুলে কৌশলগত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

/টিই/