শিরোনাম

শেষ ষোলোতে মরক্কোর প্রতিপক্ষ কানাডা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেষ ষোলোতে মরক্কোর প্রতিপক্ষ কানাডা
শেষ ষোলো নিশ্চিতের পর মরক্কোর খেলোয়াড়রা (বাঁয়ে) ও কানাডার খেলোয়াড়রা (ডানে)

বিশ্বমঞ্চের নকআউট পর্বের শুরুতেই বড় ধরনের রোমাঞ্চ ও অঘটন দেখল ফুটবলবিশ্ব। দ্বিতীয় দিনেই আসর থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দুই ফেভারিট। ডাচদের বিপক্ষে টাইব্রেকারের এক শ্বাসরুদ্ধকর স্নায়ুযুদ্ধে জয়ী হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো।


এবার আশরাফ হাকিমিদের প্রতিপক্ষও চূড়ান্ত। প্রথম রাউন্ড অব বত্রিশের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে আসা সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১১ টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটি অনুষ্ঠিত হবে। চলতি আসরে গতিময় ফুটবল খেলে আলাদাভাবে নজর কেড়েছে উত্তর আমেরিকার প্রতিনিধি কানাডা। অন্যদিকে, গত বিশ্বকাপের রূপকথাকে এবারও নতুন করে রাঙাতে মরিয়া মরক্কোর ‘অ্যাটলাস লায়ন্স’রা। কাগজে-কলমে কিংবা মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স সব মিলিয়ে ফুটবলবিশ্ব আরেকটি মেগা ম্যাচ দেখার অপেক্ষায়। আলফোনসো ডেভিসদের আক্রমণের মূল অস্ত্র তাদের ক্ষিপ্র গতি ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল। মাঝমাঠ থেকে চোখের পলকে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেওয়াই কানাডার প্রধান শক্তি।

বিপরীতে, মরক্কোর মূল শক্তি তাদের ইস্পাতকঠিন রক্ষণভাগ এবং মাঝমাঠের দারুণ নিয়ন্ত্রণ। গ্রুপপর্বে শক্তিশালী ব্রাজিলকে আটকে দেওয়ার পর নকআউটে নেদারল্যান্ডসের বাধাও টপকেছে তারা। ফলে মাঠের সাম্প্রতিক ছন্দে কানাডার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে আশরাফ হাকিমিরা।

/এমএকে/