বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে মুখ খুললেন লাউতারো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে মুখ খুললেন লাউতারো
লাউতারো মার্তিনেজ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই প্রশ্ন উঠেছে আর্জেন্টিনার ফুটবলারদের নিবেদন নিয়ে। সেই ম্যাচে গোলের জন্য একটি শটও অন টার্গেট রাখতে পারেননি আর্জেন্টিনার খেলোয়াড়রা। কেউ কেউ তো এই হারকে ঘিরে ষড়যন্ত্রের তত্ত্বও দাঁড় করিয়েছেন।

তবে সব অভিযোগ উড়িয়ে দেন লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার দিন এ নিয়ে কথা বলেন তিনি। এবার বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুলেছেন লাউতারো মার্তিনেজ।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন।

সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নিজস্ব অনুষ্ঠান এএফএ এস্তুডিওতে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের প্রচুর শক্তি কেড়ে নিয়েছিল। আমরা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েছিলাম। ফাইনালেও তাই করেছি। নিকো (ওতামেন্দি), কুতি (রোমেরো), লিচা (লিসান্দ্রো মার্তিনেজ), ওদের মতো ফুটবলারদের দেখেছি, যারা মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু তার আগপর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। গনসালো (মন্তিয়েল), লিও (মেসি), হুলিয়ান (আলভারেজ) এভাবে আরও অনেকের নাম বলতে পারি। কারণ, শেষ পর্যন্ত আমরা সবাই নিজেদের সবটুকু দিয়েছি। মাঠেই সেটা দেখা গেছে।’

ফাইনালের শেষ মুহূর্ত পর্যন্ত সতীর্থদের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন লাউতারো। ‘এমন খেলোয়াড়ও ছিল, যারা ঠিকমতো হাঁটতে পারছিল না, কিন্তু তারপরও দৌড়ে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ম্যাচটি জেতার সুযোগ ছিল।’

এরপরই ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লাউতারো বলেন, ‘মানুষ যখন এসব ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে কথা বলে, তখন বিরক্ত লাগে। কারণ, আমরা যে নিজেদের সবটুকু দিয়েছিলাম, সেটা স্পষ্ট। আর এটাই আমাদের মনে শান্তি দেয়। শেষ পর্যন্ত আমরা পারিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ছিল।’

এর আগে মেসিও একই সুরে কথা বলেছিলেন। গত ৬ অক্টোবর জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের পর বিশ্বকাপ ফাইনাল নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগের জবাব দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। বলেছিলেন, ‘মানুষ যেমনটা বলছে, ফাইনালে তেমন অস্বাভাবিক কিছু ঘটেনি। এটাই বাস্তবতা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের শারীরিক ও মানসিকভাবে অনেক ক্লান্ত করে দিয়েছিল। ফাইনালে আমরা কোনোমতে নিজেদের প্রস্তুত করতে পেরেছিলাম। তবু সব সময়ের মতো লড়াই করেছি।’

/টিই/