শিরোনাম

যে রেকর্ডে পেলের পরেই গিলবার্তো মোরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে রেকর্ডে পেলের পরেই গিলবার্তো মোরা
বিশ্বকাপে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন গিলবার্তো মোরা

আলভারো ফিদালগোর বদলি হিসেবে ম্যাচের ৬৬ মিনিটে মাঠে নামলেন গিলবার্তো মোরা। আর তাতেই ১৭ বছর বয়সী এই ফুটবলার নাম লেখান ইতিহাসের পাতায়। বিশ্বকাপে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন মোরা। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হলো তার।

মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড দীর্ঘ ৯৬ বছর ধরে ছিল মানুয়েল রোসাসের। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে তিনি মাঠে নেমেছিলেন ১৮ বছর ৮৭ দিন বয়সে।

সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার মোরা। এই তালিকায় কিংবদন্তি পেলের পরই আছেন তিনি। ১৯৫৮ বিশ্বকাপে পেলের অভিষেক হয়েছিল মোরার চেয়ে পাঁচ দিন কম বয়সে, ১৭ বছর ২৩৫ দিনে।

এই তালিকায় সবার ওপরে আছেন নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন তিনি ১৯৮২ সালে, ১৭ বছর ৪১ দিন বয়সে।

তালিকায় পরের তিনটি স্থানে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৯৯৮ সালে ১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (২০০২ সালে ১৭ বছর ১০১ দিন) ও কামেরুনের সালোমন ওলেম্বে (১৯৯৮ সালে ১৭ বছর ১৮৫ দিন)।

এর আগে ২০২৫ সালে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে মোরা’র অভিষেক হয় ১৬ বছর ২৫৭ দিন বয়সে।

/টিই/