শিরোনাম

মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ
প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলমান বিশ্বকাপে ফিফার নতুন নিয়মের গ্যাঁড়াকলে পড়ে ফুটবল ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দিলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখার অপরাধে তাকে লাল কার্ড দেখানো হয়েছে। এর ফলে পরবর্তী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি।

ফিফা মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করার সুযোগ নেই। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ও ভাগ্যনির্ধারণী ম্যাচে মাঠে নামতে পারবেন না এ মিডফিল্ডার। তুরস্কের বিপক্ষে ম্যাচ চলাকালীন একটি মুহূর্তে আলমিরনকে প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে মুখ আড়াল করে কথা বলতে দেখা যায়। বিষয়টি লক্ষ্য করে তুরস্কের খেলোয়াড়রা তাৎক্ষণিক রেফারির কাছে অভিযোগ তুললে ম্যাচ অফিশিয়ালরা ঘটনাটি পর্যালোচনা করে নতুন নিয়ম অনুযায়ী তাকে মাঠছাড়া করেন। আলমিরন লাল কার্ড দেখায় প্যারাগুয়েকে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছিল।

অবশ্য এ ধাক্কার আগেই ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে মাতিয়াস গালারজার করা গোলে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এ জয়ের ফলে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি এখন নকআউট পর্বে যাওয়ার অলিখিত ফাইনাল।

ফুটবল মাঠে ঠোঁট দেখে কৌশল বা কথা বুঝে ফেলার চেষ্টা ঠেকাতে খেলোয়াড়দের হাত দিয়ে মুখ ঢাকার দৃশ্য বেশ পুরনো। তবে এবারের বিশ্বকাপ শুরুর আগেই ফিফা এর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং প্রয়োজনে লাল কার্ড দেওয়ার নিয়ম চালু করে। যদিও এটি ফুটবলের মূল আইনের বাধ্যতামূলক অংশ নয়, তবুও টুর্নামেন্টের আয়োজক হিসেবে ফিফা বিশেষ এই নিয়ম কার্যকর করেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ নিয়মের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন, মুখ ঢেকে কথা বলা ফুটবলীয় স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানের পরিপন্থী। কারও মনে কোনো গোপন কিছু না থাকলে মুখ লুকানোর প্রয়োজন নেই বলেই বিশ্বকাপে এ নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে।

/এমএকে/