শিরোনাম

মাঠ থেকে বল উড়ে সড়কে, ঘটলো দুর্ঘটনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মাঠ থেকে বল উড়ে সড়কে, ঘটলো দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফুটবল ম্যাচে খেলা থামার কারণের অভাব নেই। কিন্তু উরুগুয়ের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে খেলা থামলো বিরল এক কারণে। শুধু যে নিজেদের খেলা থেমেছে তা নয়, রাস্তার গাড়ি চলাচলও থামিয়ে দিয়েছে এই খেলা!

উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর। খেলা হচ্ছিলো এস্তাদিও পার্কে এএনক্যাপে। ম্যাচ চলছিল স্বাভাবিক গতিতেই। ২৪ মিনিটে এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে এতো জোরে শট মেরে বসেন যে বল উড়ে যায় মাঠের সীমানার বাইরে।

সেই মাঠের বাইরেই আবার ব্যস্ত সড়ক। তখন রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিলো গাড়ি। হঠাৎ সামনে ফুটবল পড়ায় চালক সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষলেন। গাড়ি থেমে গেল ঠিকই। কিন্তু পেছনের গাড়ির চালকের হাতে এতো সময় ছিল না। গাড়ির সঙ্গে গাড়ির লেগে যায় সংঘর্ষ। ঘটনাটি ধরা পড়ে সম্প্রচারকারী লাইভ টেলিভিশন ক্যামেরায়ও।

সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। গাড়িগুলোর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।

এ সময় দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানতে খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়। কিছুক্ষণ বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় খেলা।

/টিই/