শিরোনাম

পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার গোপন ছক!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার গোপন ছক!
পিকফোর্ডের পানির বোতল দেখে মেসির প্রতিক্রিয়া

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনার উল্লাসের মাঝেই উন্মোচিত হয়েছে এক নাটকীয় অধ্যায়। ম্যাচ শেষে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে পাওয়া গেছে আর্জেন্টিনাকে টাইব্রেকারে আটকে দেওয়ার এক গোপন ছক। আলবিসেলেস্তেদের খেলোয়াড়রা যখন মাঠজুড়ে সমর্থকদের সঙ্গে জয় উদযাপনে মত্ত, ঠিক তখনই দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ‘ড্যাডি’ ডি’আন্দ্রেয়ার নজরে আসে পিকফোর্ডের ফেলে যাওয়া পানির বোতলটি। সেখানে সাঁটানো কাগজে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শ্যুটারদের নাম এবং তাদের শট নেওয়ার ধরন ও দিক সংক্রান্ত নিখুঁত তথ্য।

টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায়, থেরাপিস্ট ডি’আন্দ্রেয়া বোতলটি নিয়ে সরাসরি চলে যান অধিনায়ক লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে। মেসি বেশ মনোযোগ দিয়ে সেই কাগজের নোটগুলো পড়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে সতীর্থদের সঙ্গে এটি নিয়ে আলোচনাও করেন। ম্যাচটি যদি টাইব্রেকারে গড়াত, তবে পিকফোর্ডের এই গোপন কৌশল আর্জেন্টিনার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারত। কেবল মেসি বা গঞ্জালেস নন, সেই তালিকায় নাম ছিল ম্যাচে গোল করা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজেরও। বোতলে নিজের নাম দেখে হেসে ফেলেন এনজো এবং আকাশের দিকে তাকিয়ে এমন এক ইশারা করেন, যা টাইব্রেকার এড়াতে পারার এক স্বস্তির বহিঃপ্রকাশ ছিল।

পরবর্তীতে আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কাগজের একটি স্পষ্ট ছবি প্রকাশ করলে বিষয়টি আরও খোলাসা হয়। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার প্রত্যেক সম্ভাব্য পেনাল্টি শ্যুটারের জন্য আলাদা আলাদা ও সুনির্দিষ্ট নির্দেশনা লিখে রেখেছিলেন পিকফোর্ড। অবশ্য পুরো ম্যাচজুড়েই ইংলিশ গোলরক্ষকের সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড়দের তুমুল উত্তেজনা ও মাঠের লড়াই ছিল চোখে পড়ার মতো। ম্যাচে কয়েক দফা কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির পর ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন গোল করলে বেশ বিতর্কিত ভঙ্গিতে উদযাপন করেছিলেন পিকফোর্ড। তবে আর্জেন্টিনা ম্যাচে সমতা ফেরানোর পর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোও পিকফোর্ডের সামনে গিয়ে পাল্টা উদযাপনে মেতে ওঠেন।

/এমএকে/