শিরোনাম

রাজ্জাক-নাফিসদের উড়িয়ে আশরাফুল-রফিকদের বড় জয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রাজ্জাক-নাফিসদের উড়িয়ে আশরাফুল-রফিকদের বড় জয়
বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও তার ব্যতিক্রম নয়। সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশেষ টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করে বিসিবি। ম্যাচটিতে রাজ্জাক-নাফিসদের সবুজ দলকে হারিয়েছে আশরাফুল-রফিকদের লাল দল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ এই ম্যাচ। যেখানে সবুজ দল ১২৩ রানের বড় জয় পেয়েছে।

আগে ব্যাট করতে নেমে ২১৩ রান সংগ্রহ করে লাল দল। তাদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন নাসিরউদ্দিন ফারুকি। এছাড়া মোহাম্মদ রফিক ২৪ বলে ৫০ এবং ডলার মাহমুদ ৯ বলে ২৭ রান করেন। সবুজ দলের হয়ে ২ উইকেট নিয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে সবুজ দল। কোনো রান না করেই বিদায় নেন ওপেনার হান্নান সরকার। এরপর এক প্রান্ত আগলে রাখেন শাহরিয়ার নাফিস। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। স্পিনার ইলিয়াস সানির ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন সবুজ দলের ক্রিকেটাররা।

৩৩ রানে বিদায় নেন শাহরিয়ার নাফিস। তিনি আউট হওয়ার পর শেষদিকে আব্দুর রাজ্জাকের ১৮ রান ছাড়া সবুজ দলের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৯০ রানে ইনিংস থামে সবুজ দলের। লাল দলের হয়ে ইলিয়াস সানি ৫টি এবং রফিক ৪টি উইকেট নেন। লাল দল ১২৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

/জেএইচ/