শিরোনাম

বিজ্ঞাপন ডিলিট, চূর্ণ হলো অহংকার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিজ্ঞাপন ডিলিট, চূর্ণ হলো অহংকার
বিজ্ঞাপনের ভিডিও থেকে নেওয়া।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বলে কথা! এবার তাই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে উত্তাপ ছড়াচ্ছিল বেশি। সেই উত্তাপে ঘি ঢেলেছিল স্টার স্পোর্টস। সুপার এইট পর্বে রবিবার (২২ ফেব্রুয়ারি) ম্যাচের কয়েক দিন আগে থেকে দক্ষিণ আফ্রিকা দলকে ব্যঙ্গ করে একটি বিজ্ঞাপন প্রচার করে আসছিল ভারতের ক্রীড়াবিষয়ক টেলিভিশন চ্যানেলটি।

তবে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত শোচনীয়ভাবে হারতেই সেই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছে (ডিলিট করেছে) স্টার স্পোর্টস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। তাদের বানানো এই বিজ্ঞাপনকে কুরুচিপূর্ণ বলেছে ভারতের আরেক টেলিভিশন চ্যানেল এনডিটিভি। বিজ্ঞাপনটি এখন তারা ভারতের জন্য দুঃস্বপ্ন মনে করছে।

ইন্ডিয়া টুডের মন্তব্য প্রতিবেদনের শিরোনামটা এমন ‘কাপকেক বিজ্ঞাপন ডিলিট, চূর্ণ হলো অহংকার: এরপর কী পরিবেশন করছে স্টার স্পোর্টস?’

বড় টুর্নামেন্টে ভারতের ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টস প্রায়ই প্রোমো ভিডিও প্রচার করে, যা মাঝে মধ্যে বেশ বির্তকের জন্ম দেয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে একটি ক্যাফেতে ধারণকৃত বিজ্ঞাপনে দেখা যায়, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক টেবিলের শেষ কাপকেকটি তুলে নিতে এগিয়ে যাচ্ছিলেন, যা দ্রুত এগিয়ে হাতে তুলে নেন দক্ষিণ আফ্রিকান সমর্থক। তখন ভারতীয় সমর্থক তাকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের কথা মনে করিয়ে দিয়ে বিদ্রুপ করেন। দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ দুর্নাম নিয়েও ট্রল করা হয় সেই ভিডিওতে।

বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই সমালোচনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ডাকনাম ‘কাপকেক’।

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পর পরিস্থিতি বেগতিক দেখে স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে।

/টিই/