৬ ক্যাচ নিয়ে লিটনের রেকর্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৬ ক্যাচ নিয়ে লিটনের রেকর্ড
লিটন দাস

উইকেটকিপার-ব্যাটার হিসেবে নিজেকে নতুন করে চেনাচ্ছেন লিটন কুমার দাস। এবার দারুণ এক অর্জন যুক্ত হলো লিটনের নামের সঙ্গে। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী এই কিপার।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১২০ রানের ইনিংস খেলেন লিটন। ফিল্ডিং করতে নেমে এরই মধ্যে ৬টি ক্যাচ নিয়েছেন। বিশ্ব রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি ক্যাচ।

বাংলাদেশের কিপার বা ফিল্ডারদের মধ্যে এতদিন সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ছিল মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৫টি ক্যাচ নেন মুশফিক। আর ওয়েলিংটনে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইমরুল ৫টি ক্যাচ নেন বদলি কিপার হিসেবে। ওই ম্যাচে মুশফিক চোট পেলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে প্রায় দেড়শ ওভার কিপিংয়ের দায়িত্ব সামলান ইমরুল।

ব্যাটিং ও কিপিং মিলিয়ে দারুণ এক কীর্তিও গড়েছেন লিটন। বিশ্বের মাত্র তৃতীয় কিপার-ব্যাটার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৬ ক্যাচ নিয়েছেন তিনি। সেঞ্চুরি ও ইনিংসে ৬ ক্যাচের আগের দুটি ঘটনাও এই জোহানেসবার্গেই।

১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রানের সঙ্গে ৬টি ক্যাচ নেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিপার-ব্যাটার ডেনিস লিন্ডসে। প্রায় ৪৭ বছর পর ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি ৬টি ক্যাচ নেন এবি ডি ভিলিয়ার্স।

মুশফিক-ইমরুলকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব রেকর্ডও এরই মধ্যে ছুঁয়ে ফেলতে পারতেন লিটন। দ্বিতীয় দিন বিকেলে হাসান মাহমুদের বলে আগেই ডান দিকে সরে যাওয়ায় তড়িঘড়ি করে ঝাঁপিয়ে রায়ান রিকেলটনের ক্যাচটি নিতে পারেননি।

কিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি করে ক্যাচ নিয়েছেন- পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভা। তাদের সঙ্গী হওয়ার খুব কাছে এখন লিটন।

/টিই/