শিরোনাম

জিম্বাবুয়েকে পেয়ে ভারতের রেকর্ড সংগ্রহ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়েকে পেয়ে ভারতের রেকর্ড সংগ্রহ
হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার পঞ্চম উইকেট জুটিতে ৩১ বলে ওঠে ৮৪ রান। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। তবে জিম্বাবুয়েকে পেয়েই জ্বলে ওঠেন ভারতীয় ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সূর্যকুমাররা গড়লেন সর্বোচ্চ রানের রেকর্ড। অভিষেক-পান্ডিয়ার ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেটে ভারত তোলে ২৫৬ রান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে জুটিতে ওঠে ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে আউট হন ইষাণ কিষাণ।

২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। অবশ্য আউট হন ৫৫ রানে। ৩০ বলে খেলা তার এই ইনিংসে চারটি করে চার ও ছয়ে সাজানো। ১৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

পঞ্চম উইকেট জুটিতে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা মিলে ৩১ বলে করেন ৮৪ রান। ফিফটির দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৫০ রান করেন তিনি। তিনটি চার ও চারটি ছয়ে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক।

জিম্বাবুয়ের চারজন বোলার একটি করে উইকেট পান।

/টিই/