৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারলো ভারত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারলো ভারত
ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মাকে ফেরান ম্যাট হেনরি

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড আগে ব্যাট করে অলআউট হয় ৩৩৩ রানে। জবাব দিতে নেমে ২৬ ওভার ৪ বলে মাত্র ৮৯ রানে অলআউট হয় ভারত। স্বাগতিক নিউজিল্যান্ড জিতেছে ২৪৪ রানে।

এর মধ্য দিয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪ রানের ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেলো ভারত।

ম্যাট হেনরির গতি আর সুইংয়ে কুপোকাত হয়েছে শুবমান গিলের দল। ৯ ওভার ৪ বলে ২৭ রান দিয়ে ৬ উইকেট নেন হেনরি। এছাড়া ম্যাথু ফিশার ৩১ রানে নেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হতো শুভমান গিলের দলকে। এর আগে ওয়ানডেতে বিদেশের মাটিতে সর্বোচ্চ ৩৩১ রানের লক্ষ্য তাড়ায় তারা ২০১৬ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। রেকর্ড গড়া তো দূরে থাক, শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে ছিল ভারতীয় টপঅর্ডার।

নিজেদের ইতিহাসে প্রথমবার ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে তারা ৩ উইকেট হারায় ভারত। ম্যাট হেনরির গতি-সুইংয়ে দিশেহারা হয়ে একে একে ফেরেন রোহিত শর্মা (০), বিরাট কোহলি (০) ও শ্রেয়াস আইয়ার (০)।

দলীয় ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়ও (৫)। এ নিয়ে ওয়ানডেতে দ্বিতীয়বার ১০ রানের আগেই চতুর্থ উইকেট হারায় ভারত। এর আগে ভারত এমন বিব্রতকর নজির গড়েছিল ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপে।

ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান এসেছে ইশান কিষাণের ব্যাটে। এ ছাড়া অক্ষর প্যাটেল ও নমন ধীর ২১ রান করে করেন।

ম্যাট হেনরির বলে বোল্ড হন বিরাট কোহলি
ম্যাট হেনরির বলে বোল্ড হন বিরাট কোহলি

এর আগে ভারত ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৪৫ রানে হেরেছিল, ২০০০ সালের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

২ রানের জন্য ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ভারত সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা এড়িয়েছে। ২০১০ সালের এক ম্যাচে ভারত অলআউট হয় ৮৮ রানে। ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালে, ৫৪ রানে অলআউট হয়েছিল ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) নিউজিল্যান্ড বড় সংগ্রহ পায় ওপেনার উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে। ১৪ চার ও ৪ ছক্কায় ১০৮ বলে ১২৫ রান করেন ইয়ং। আরেক ওপেনার টিম শেফার্ট ৫৮ করে ফিরলে ৮৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

এছাড়া ফিন অ্যালেন ৪১, মিচেল স্যান্টনার ২৪ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ রান করেন। ১৯ রানে অপরাজিত ছিলেন কাইল জেমিসন।

নিউজিল্যান্ড ম্যাচটি জিতেছে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ (২৪৪ রান) ব্যবধানে। সর্বোচ্চ ২৯০ রানে তারা ২০০৮ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল।

/টিই/