এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম ইকবাল!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম ইকবাল!
এসিসির দায়িত্ব নিতে আগ্রহী বিসিবি সভাপতি তামিম ইকবাল

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মোহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কেউ দায়িত্ব নিতে পারেন। আর সেই দায়িত্ব নিতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। এই পদে তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের এপ্রিলে। এসিসির পূর্ণ সদস্য পাঁচ দেশ- ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেই চক্রাকারে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

সেই ধারাবাহিকতায় পরবর্তী মেয়াদে বাংলাদেশের দায়িত্ব পাওয়ার কথা।

তবে নাকভির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। এসিসির নিয়ম অনুযায়ী, নির্বাহী বোর্ডের সদস্যদের সম্মতিতে সভাপতির মেয়াদ বাড়ানো যেতে পারে। তবে এসিসির নির্বাহী বোর্ডের এক সদস্যের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান নির্বাহী বোর্ডে নাকভির মেয়াদ বাড়ানোর বিষয়ে সেই ঐকমত্য নেই।

সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের ট্রফি বিতরণ নিয়ে ভারত ও এসিসির মধ্যে তৈরি হওয়া পরিস্থিতির কারণেও নাকভির নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে।

২০২৭ সালের এপ্রিলে নাকভির মেয়াদ শেষ হওয়ার পর এসিসির নেতৃত্বে তামিম ইকবালকে দেখা যাবে কি না, সেটি নির্ভর করছে সংগঠনটির আনুষ্ঠানিক প্রক্রিয়া ও সদস্য দেশগুলোর সিদ্ধান্তের ওপর।

/টিই/