শিরোনাম

অস্ট্রেলিয়াকে ১৩২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়াকে ১৩২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়ের পথচলাটা আশানুরূপ হলো না। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই মাত্র ১৩১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুটা মন্দ না হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের মাঝপথেই পুরোপুরি চাপে পড়ে যায় স্বাগতিক দল।

দলীয় ২৬ রানের মাথায় ওপেনার তানজিদ হাসান তামিমের বিদায়ের মাধ্যমে ভাঙন ধরে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে। ৯ বলে ১০ রান করে তামিম ক্যাচ দিয়ে ফেরার পর ওয়ানডের ধারাবাহিকতা বজায় রেখে টি-টোয়েন্টিতেও ব্যর্থ হন আরেক ওপেনার সাইফ হাসান। স্পিন বোলার রেনশোর বলে মুখস্থ শট খেলতে গিয়ে মিডঅফে সহজ ক্যাচ দেন ১৪ বলে ২০ রান করা এই ব্যাটার।

দুই ওপেনার বিদায় নিলে মাঠে নামেন বাংলাদেশের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নেতৃত্বের দুর্দান্ত সূচনা করলেও ইনিংসটি দীর্ঘায়িত করতে পারেননি তিনি। অ্যাডাম জাম্পার গুগলিতে বোল্ড হন মাত্র ৮ রানে। হৃদয়ের বিদায়ের পর জাম্পার বলেই প্যাভিলিয়নের পথ ধরেন ১৮ বলে ১৭ রান করা সৌম্য সরকার। এরপর ক্রিজে এসে দ্রুত রান তোলার চেষ্টায় ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। মাত্র ৭৫ রানে ৫ উইকেট হারানোর পর শামীম পাটোয়ারীও দায়িত্বহীন শটে আউট হলে ৭৮ রানে ৬ উইকেট হারিয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

বিপর্যয়ের এ মুহূর্তে অভিষেক ম্যাচ খেলতে নামা অলরাউন্ডার সাকলাইন একটি ছক্কা মেরে কিছুটা প্রতিরোধের আভাস দিয়েছিলেন। তবে ১০ বলে ১০ রান করে তিনিও সাজঘরে ফিরলে ভেঙে পড়ে লোয়ার অর্ডার। এরপর রিশাদ হোসেন মাত্র ৩ রান করে ডাগআউটে ফিরলে ১০০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বসে টাইগাররা। শেষ পর্যন্ত লোয়ার অর্ডার ব্যাটারদের কল্যাণে নির্ধারিত ওভারের কিছু আগেই ১৩১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

/এমএকে/