শিরোনাম

৪ উইকেটে ১০০ পার অস্ট্রেলিয়ার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪ উইকেটে ১০০ পার অস্ট্রেলিয়ার
জ্যাক ওয়েদারাল্ডকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহমুদ

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। তবে ডারউইন টেস্টে আজ (১৩ আগস্ট) প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের বলায় যায়। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ডারউইনের বাউন্সি উইকেটে বাড়তি সুবিধা আদায় করে নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের তৃতীয় ওভারেই বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলেছিলেন ট্রাভিস হেড। তবে বল পড়ে নিরাপদ জায়গায়।

ওপেনিং জুটিতে ওঠে ৪৫ রান। হাসানের বল জ্যাক ওয়েদারাল্ড ড্রাইভ করতে গেলে এজ হয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে জমা পড়ে বল। ২৩ রান করে ফেরেন ওয়েদারাল্ড।

কিছুক্ষণ পর আবার আঘাত হানেন হাসান। এবার তার শিকার আরেক ওপেনার ট্রাভিস হেড। ১৪ তম ওভারে চতুর্থ বলে গুড লেংথ থেকে ইন সুইং করা বল ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। ফেরার আগে হেড করেন ২২ রান।

১৭তম ওভারে এবাদত হোসেনের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা তানজিদ তামিম সেটা রাখতে পারেননি। পরের ওভারে মার্নাস লাবুশেনকে (১) ফেরান এবাদত হোসেন।

দলীয় ৭৪ রানে আউট হন ক্যামেরুন গ্রিন (১৩ বলে ১৩)। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১০৭।

ব্যাট করছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি।

/টিই/