অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের চমকে দিতে চায় বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের চমকে দিতে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। শুক্রবার (১০ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। ইতিহাস, ঐতিহ্য, শক্তিমত্তা সবকিছুতেই অস্ট্রেলিয়া থেকে পিছিয়ে টাইগ্রেসরা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় শক্তিকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বাগতিকদের চমকে দিতে চান তিনি।

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে বলতে গিয়ে জ্যোতি বলেন, ‘এখানকার পরিস্থিতি বাংলাদেশের জন্য একেবারেই ভিন্ন। সেই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে দল। ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি, যা উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করেছে।’

অধিনায়কের মতে, কন্ডিশনের পাশাপাশি ম্যাচে সাফল্যের জন্য মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, ‘আমরা সত্যিই চাই, পুরো দল হিসেবে খেলতে। আমরা বিশ্বাস করি, যখন আমরা দল হিসেবে এবং একটি ইউনিট হয়ে খেলি, তখন যেকোনো দলকেই চমকে দিতে পারি।’

দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় কোচিং করার অভিজ্ঞতা থাকা হেম্প দলের খেলোয়াড়দের উইকেটের ধরন এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সম্ভাব্য কৌশল সম্পর্কে ধারণা দিয়েছেন বলেও জানান অধিনায়ক। জ্যোতি বলেন, ‘তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন উইকেট কেমন হতে পারে আর অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কীভাবে আমাদের বিপক্ষে আক্রমণ করতে পারে। আমরা নেট সেশনে সেগুলো অনুশীলন করার চেষ্টা করছি।’

বেশ কিছুদিন ধরে ওয়ানডে না খেললেও ঘরের মাঠ কিংবা দেশের বাইরে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করার সামর্থ্য বাংলাদেশের আছে। এমনটিই মনে করেন জাতীয় দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয়, এই ফরম্যাটেই আমরা সবচেয়ে ভালো খেলি। দেশের মাটিতে হোক কিংবা দেশের বাইরে, এই ফরম্যাটে আমাদের ভালো করার সামর্থ্য আছে। আমরা এখানে ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’

অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিষয়ে অধিনায়ক বলেন, ‘তারা বিশ্বের সেরা দল, এটা আমরা সবাই জানি। তবে তাদের বিপক্ষে আমরা কীভাবে খেলছি, আমাদের পদ্ধতিটা কেমন হচ্ছে, সেটার দিকেই বেশি নজর দিতে চাই। নির্দিষ্ট দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং তাদের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে হবে। আমরা অবশ্যই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলবো।’

/জেএইচ/